শ্রমিক বিক্ষোভ নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত November 1, 2026, 19:25 PM
শ্রমিক বিক্ষোভ নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) মাগরিবের নামাজের পর এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে ডেকেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন।
‎
‎‎মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
‎
‎এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় মজুরি বোর্ড গঠন করে সরকার। সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে সময় লাগায় বোর্ড গঠনেও দেরি হয়।
‎

‎সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্রুততম সময়ে বোর্ডের বৈঠক হবে এবং বিষয়টি একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে। শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন। এখন শ্রমিকেরা রাস্তা ছেড়ে কারখানায় ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
‎
‎মন্ত্রী অভিযোগ করেন, শ্রমিক নেতারা সরকারের সঙ্গে বসে রোববার মজুরি বোর্ড গঠনের বিষয়ে আশ্বাস দেওয়ার পরও কয়েকটি কারখানায় অহেতুক ছুটি ঘোষণা করা হয়েছে। তাঁর দাবি, বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার কথা শ্রমিক প্রতিনিধিদের জানিয়েই নির্ধারণ করা হয়েছিল। পরিকল্পিতভাবে কয়েকটি রাজনৈতিক সংগঠন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎
‎
‎ডিসেম্বরকে লক্ষ্য করে শ্রমিক অসন্তোষ তৈরি করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর কাছে পরিষ্কার। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলা আন্দোলনে একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদককে শ্রমিক পরিচয়ে অংশ নিতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি। কোন ছাত্র সংগঠন—জানতে চাইলে মন্ত্রী নিষিদ্ধঘোষিত একটি ছাত্র সংগঠনের কথা উল্লেখ করেন।