দিনাজপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

Mofossal Barta
প্রকাশিত November 1, 2026, 19:17 PM
দিনাজপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
সংবাদটি শেয়ার করুন....

দিনাজপুর প্রতিনিধি ॥ “দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য ছিল জাতীয় ও যুব পতাকা উত্তোলন, বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ।
‎১ নভেম্বর ২০২৬ রবিবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় ও যুব পতাকা উত্তোলন করা হয়। বেলুন – ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করেন প্রধান অতিথিও বিশেষ অতিথি। এরপর বর্ণাঢ্য যুব র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মূসা পিপিএম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান।
‎স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফরিদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী, প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল। এনজিও’র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, সফল যুব সংগঠক সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন, সফল আত্মকর্মী মোঃ রেজানুর ইসলাম, প্রশিক্ষনার্থী মোঃ হাবিবুর রহমান ও সানজিদা স্বর্নালী হ্যাপি। সর্বশেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য ৬ জনকে যুব ঋণের চেক বাবদ ৭ লক্ষ ৫ হাজার টাকার অনুদান ও ২ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক ও দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষন মোঃ রায়হান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোছাঃ আঁখি আরা বেগম ও মোছাঃ ফারজানা চৌধুরী।