অনলাইন ডেক্স,
চেক ডিজঅনার মামলায় নামের মিলের কারণে ভুল ব্যক্তিকে আসামি হিসেবে প্রায় চার মাস কারাভোগের ঘটনায় ভুক্তভোগী মামুন মিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বাদীপক্ষ। ক্ষতিপূরণ পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তানিয়া সুলতানা লিপির আদালতে উভয় পক্ষের আপস-মীমাংসার নথি দাখিল করা হলে আদালত তা গ্রহণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিয়া ইব্রাহিম খলিল অপু এবং ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূঁইয়া জাদু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালতে আপস-মীমাংসার সময় ভুক্তভোগী মামুন মিয়া, তার আইনজীবী এবং বিশ্বাস পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডস লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মামুন মিয়া বলেন, আমি প্রায় চার মাস কারাগারে ছিলাম। মুক্তির পর তাদের বিরুদ্ধে অভিযোগ করি। পরে তারা আমার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিয়েছে। তাই আমি আমার সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।
তার আইনজীবী অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূঁইয়া জাদু জানান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ভুক্তভোগীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর না হওয়ার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।