মোস্তফা মিয়া নরসিংদী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদীর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের নরসিংদী জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ইসরাত জাহান কেয়া।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব খায়রুল কবির খোকন জেলা শিল্পকলা একাডেমির হলরুমের পুনঃসংস্কারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, শিল্প-সংস্কৃতির বিকাশে একটি আধুনিক ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে পর্যায়ক্রমে ৫৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মাঝে মোট ৯ লাখ ৮৮ হাজার ২৫০ টাকার অনুদানের চেক এবং ৮টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে মোট ৩ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সরকারের এ অনুদান জেলার শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং স্থানীয় শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।