• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর বেগমগঞ্জে ‎সাংবাদিকদের হয়রানির অভিযোগ

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২০, ২০২৬, ২১:০৫ অপরাহ্ণ
নোয়াখালীর বেগমগঞ্জে ‎সাংবাদিকদের হয়রানির অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

‎নিজস্ব প্রতিবেদক:
‎নোয়াখালীর বেগমগঞ্জে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুই সাংবাদিককে চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত গোলাম মোস্তফার ছেলে মো. ইকবালকে নিয়ে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগকারীদের দাবি, প্রতিবেদন প্রকাশের পর অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।
‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। পরবর্তীতে একই বিষয়ে অন্য একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ (ইমো) মাধ্যমে যোগাযোগ করে সংবাদ অপসারণের চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
‎ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য, কটূক্তি ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি একাধিক কথিত ফেক আইডি ব্যবহার করে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে বলেও তারা দাবি করেছেন।
‎সাংবাদিকরা জানান, সংবাদ প্রকাশ গণমাধ্যমের দায়িত্বের অংশ। কোনো প্রতিবেদন নিয়ে আপত্তি থাকলে আইনগত ও সাংবিধানিক পথ খোলা রয়েছে। কিন্তু সাংবাদিকদের হুমকি বা চাপ প্রয়োগ স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
‎ঘটনার পর নিজেদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এ বিষয়ে অভিযুক্ত মো. ইকবালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।