• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার বছর পর চাকরি ফিরে পেলেন কনস্টেবল নাজমুল

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
চার বছর পর চাকরি ফিরে পেলেন কনস্টেবল নাজমুল
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন।

‎২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেটে ঘটে যাওয়া ‘টিপ পরছোস কেন’ মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সে সময় নাজমুল তারেক ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

‎অভিযোগ অনুযায়ী, উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশ পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন।

‎ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিভাগীয় কার্যক্রম শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

‎তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন নাজমুল তারেক। তার দাবি ছিল, তিনি টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, ঘটনাস্থলের এক দোকানদারও একই ধরনের সাক্ষ্য দিয়েছেন।

‎পরবর্তীতে চাকরিতে পুনর্বহালের দাবিতে ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।