ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ

Mofossal Barta
প্রকাশিত October 13, 2026, 13:07 PM
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
‎সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন। অন্যদিকে, মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন বিদায়ী ডিজি মুহাম্মদ জাহেদ কামাল।
‎
‎
‎এর আগে সকাল ৯টায় নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। এরপর সকাল ১১টায় ফায়ার সার্ভিস অধিদপ্তরে মহাপরিচালকের বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় মহাপরিচালক ছাড়াও অধিদপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে উপপরিচালক ও সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে যুক্ত হন।
‎
‎দুপুর ১২টায় অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণা করেন কর্মকর্তারা। এ সময় বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিসে দায়িত্ব পালনকালের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে তিনি নিজ দপ্তরে নতুন মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করে সদর দফতর ত্যাগ করেন।
‎
‎
‎দায়িত্ব গ্রহণের পর বিকাল ৪টায় কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে প্রত্যাশা তুলে ধরে তিনি সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎
‎প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং বিদায়ী মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করা হয়েছিল।