সঞ্জয় দেবনাথ উপজেলা প্রতিনিধি ঃ-
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের নয় দিন পর রুহুল আমীন (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত দেহ ও মাথাসহ শরীরের বিভিন্ন বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছেন বাউফল থানা পুলিশ । এর আগে একই ব্যক্তির একটি হাত ও দুই পা উদ্ধারের তিন দিন পর ১৪ নভেম্বর ২০২৬ সকালে উপজেলার কালিশুরী ইউনিয়ন পোনাহুড়া গ্রামর বিভিন্ন স্থান থেকে নিহত ব্যক্তির দেহের বাকি অংশ উদ্ধার করেন থানা পুলিশ ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী শাহিদা বেগম নামের এক নারী কথিত মোতাবেক ও তার সহযোগী একই গ্রামের আবুল বশার নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ। পুলিশের দাবি আর্থীক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করে মরাদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ২০২৬ বিকেলে বোনের বাড়ি থেকে রুহুল আমিন বের হওয়ার পর নিখোঁজ হয় । রুহুল আমীনের পরিবারের সদস্যদের ও আত্মীয়স্বজন এবং পরিচিতজনদের কাছে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি । পরে তাঁর সন্ধান করতে গিয়ে কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি দেখা যায় বলে অভিযোগ করেন । একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান ।
গত ১২ নভেম্বর পোনাহুড়া এলাকার ধানখেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে পুলিশ । পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে ধারণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে নেমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে আবুল বশারকেও গ্রেপ্তার করা হয়। শনিবার ১৪ নভেম্বর সকাল ৯টা দিকে পোনাহুড়া এলাকার বিভিন্ন স্থানে আবুল বশারকে সাথে নিয়ে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছে বলে পুলিশ জানায়। পরিকল্পনা অনুযায়ী, ৬ নভেম্বর ২০২৬ শাহিদার বাড়িতে ডেকে নিয়ে ঘুমের ওষুধ মেশানো পানি খাওয়ানো হয় রুহুল আমীনকে। পরে বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।