মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।সীমান্ত দিয়ে মাদক প্রবেশের যেকোনো অপচেষ্টা রুখে দিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের মাধ্যমে দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানিক দল ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৫৬,০০০/- (ছাপ্পান্ন হাজার) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট চক্রের বিষয়ে তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক পাচারকারীরা সীমান্তকে অবৈধ বাণিজ্যের রুট হিসেবে ব্যবহার করতে চাইলেও বিজিবির কঠোর নজরদারিতে তাদের সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি তাদের তৎপরতা প্রতিহত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সীমান্ত ও নিরাপদ জনপদ নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।
দিনাজপুর প্রতিনিধি
14/11/2026