ডেক্স,
জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ হামলা হয়। হামলায় আহত হাসিব চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান। জানা গেছে, ৮ নভেম্বর অতিথি হিসেবে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তার রিসোর্ট ছাড়ার কথা ছিল। তবে চেকআউটের আগেই সকালে তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পরও ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছাননি বলে জানা গেছে।
বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক নারীকে সঙ্গে নিয়ে দম্পতি পরিচয়ে রিসোর্টে উঠেছিলেন হাসিব। হামলার পর আত্মরক্ষার জন্য তিনি আত্মগোপনে চলে গেছেন।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে ‘সন্ত্রাসী লীগ’। এতে হাসিব আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।