বড় ছেলেকে কবর দিয়ে ফিরতেই মারা গেল ছোট ছেলেও, শোকে পাথর বাবা-মা

Mofossal Barta
প্রকাশিত November 10, 2026, 17:36 PM
বড় ছেলেকে কবর দিয়ে ফিরতেই মারা গেল ছোট ছেলেও, শোকে পাথর বাবা-মা
সংবাদটি শেয়ার করুন....

বড় ছেলে মোহাম্মদ নূর মোহাম্মদ আরাফাতের বয়স মাত্র ৯ বছর। ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করের বয়স ১০ মাস। দুই সন্তানকে ঘিরেই ছিল বাবা-মায়ের স্বপ্ন, সাজানো সংসার। কিন্তু অসুস্থতা কেড়ে নিয়েছে দুই শিশুর প্রাণ। এক ছেলেকে দা/ফ/ন করে ফেরার দুই দিনের মাথায় আরেক ছেলেকেও হারিয়েছেন বাবা-মা। এখন পাশাপাশি কবরে চিরনিদ্রায় শুয়ে আছে দুই ভাই। সন্তানদের শেষ বিদায় জানিয়ে শূন্য ঘরে ফিরতে হয়েছে তাদের। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বড় ছেলে আরাফাত। পরে নগরের মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়। দুই দিনের ব্যবধানে রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে মারা যায় ছোট ছেলে আবু বক্কর। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বড় ভাইয়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়। এভাবেই পাশাপাশি কবরে ঠাঁই হয় দুই ভাইয়ের।
‎
‎চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা বেগম ও দুই সন্তানকে নিয়ে থাকতেন মোহাম্মদ কবীর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য ওঠানামার কাজ করেন তিনি। বড় ছেলে আরাফাত ছিল হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দুই সন্তানকে ঘিরেই ছিল তাদের ছোট সংসারের সব স্বপ্ন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে জ্বর, বমি ও কাশিতে আক্রান্ত হয় আরাফাত। প্রথমে তাকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় মেরিন সিটি হাসপাতালে। সেখানে দুই দিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলে তার। পরে ইম্পেরিয়াল হাসপাতালে আরও চার দিন আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায় আরাফাত।
‎
‎অন্যদিকে ছোট ছেলে আবু বক্করের শরীরেও ডেঙ্গু শনাক্ত হয়েছিল। চৌধুরী হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরে সে। কিন্তু পরে আবার জ্বর শুরু হয়। এর মধ্যে বড় ছেলে আরাফাতও জ্বর, বমি ও কাশিতে আক্রান্ত হয়। প্রথমবার পরীক্ষায় তার ডেঙ্গু নেগেটিভ এলেও পরবর্তী পরীক্ষায় পজিটিভ আসে। দুই শিশুর অবস্থার অবনতি হলে তাদের সাজন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা হামের উপসর্গের কথা জানান। তবে শয্যা খালি না থাকায় অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে দুই ভাইকে এমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাশাপাশি শয্যায় তাদের চিকিৎসা চলছিল।