নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার দিবাগত (১০ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে নেওয়া শিক্ষার্থীরা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান গণমাধ্যমকে জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠানো হয়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা জানান, ভবনের দ্বিতীয় তলায় একটি লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় বাইরে বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।