‎প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা, ‘সম্মান রক্ষার’ নামে মেয়েকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যা

Mofossal Barta
প্রকাশিত November 26, 2026, 09:28 AM
‎প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা, ‘সম্মান রক্ষার’ নামে মেয়েকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যা
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স,
‎
‎সম্মান রক্ষার’ নামে ইরানে ১৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। হেলিয়া ফাত্তাহি নামের ওই তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
‎ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, এক তরুণের সঙ্গে সম্পর্কের জেরে হেলিয়া ফাত্তাহি অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারকে জানানোর পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন তার বাবা-মা।
‎অভিযোগ, তারা জোর করে হেলিয়া ফাত্তাহিকে প্রায় ৩০টি খিঁচুনির ওষুধ খাওয়ান। এরপর বেধড়ক মারধর করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজে এ ঘটনা ঘটেছে। মেয়েকে হত্যার অভিযোগে ওই তরুণীর বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‎মানবাধিকার সংস্থা হেঙ্গাওর তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর শনিবার বাবা-মা প্রথমে আদালতে গিয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেখান থেকে ফিরে তারা হেলিয়াকে জোর করে ওষুধগুলো খাওয়ান। কিন্তু এতেও তার মৃত্যু না হওয়ায় বালিশ দিয়ে মুখ চেপে ধরে তাকে হত্যা করেন।
‎হেঙ্গাও এবং আরেক মানবাধিকার সংস্থা হানা এই হত্যাকাণ্ডকে তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে হত্যা হিসেবে বর্ণনা করেছে।
‎হেঙ্গাও এক বিবৃতিতে বলেছে, ‘পারিবারিক সহিংসতা থেকে নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়নে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যর্থতা, আইনের ফাঁকফোকর এবং তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যাকারীদের জন্য নমনীয় শাস্তির ব্যবস্থা নারীদের কাঠামোগত সহিংসতার ঝুঁকিতে ফেলছে। একই সঙ্গে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে।