আইনশৃংখলা বাহিনী সতর্ক থাকবে, ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না: স্বরাষ্ট্র সচিব

Mofossal Barta
প্রকাশিত March 27, 2025, 14:05 PM
আইনশৃংখলা বাহিনী সতর্ক থাকবে, ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না: স্বরাষ্ট্র সচিব

নাসিমুল গনি বলেন, পুলিশের ২৪ ঘণ্টার চাকরি। ১৯৬১ সালে থানা শুরু হয়েছে, কিন্তু কখনো তাদের কাজ আর থামেনি। ২৪-এর আগে আর কখনো থানা বন্ধ হয়নি।

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে আইনশৃংখলা বাহিনী অনেক সতর্ক থাকবে। আশা করছি, এবারের ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, আমাদের আইনশৃংখলা বাহিনী ছুটিতে নেই। তারা সব কাজের জন্য সতর্ক থাকবে। ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা চেষ্টা করছি। এক্ষেত্রে পরিবহন খাতে যারা সম্পৃক্ত রয়েছেন; তাদের সহযোগিতা নিয়ে আগাচ্ছি। আশা করছি, ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না। আইনশৃংখলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে। আশা করছি, আল্লাহ আমাদের রহমতের চাদরে আগলে রাখবেন।

নাসিমুল গনি বলেন, পুলিশের ২৪ ঘণ্টার চাকরি। ১৯৬১ সালে থানা শুরু হয়েছে, কিন্তু কখনো তাদের কাজ আর থামেনি। ২৪-এর আগে আর কখনো থানা বন্ধ হয়নি।

তিনি বলেন, মহাসড়কের নিরাপত্তার অতিরিক্ত ভিজিলেন্স নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ খুব সচল রয়েছে। যাত্রীরা নিজেরাই দেখতে পারবে। আমাদের বাহিনী আগে সচল ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাহিনী এখন সচল হয়েছে। তারা চেষ্টা করছে; এ চেষ্টা অব্যাহত থাকবে। পারফরম্যান্স নিয়ে কথা থাকতে পারে; তবে তারা চেষ্টা করছে।