অনলাইন ডেক্স,
ইরানে যৌথভাবে টানা ৩৯ দিন ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানের পাস্তুর স্ট্রিট এলাকায় তৎকালীন সর্বোচ্চ নেতার কার্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারি সকালে হামলা চালানো হয়। ওই হামলার আগে তেহরানের ট্রাফিক ক্যামেরা থেকে শুরু করে গাড়ি পার্কিং, মোবাইল টাওয়ার, দেহরক্ষীদের গতিবিধি পর্যবেক্ষণসহ নিরাপত্তা বলয় ঘিরে বছরের পর বছর গোয়েন্দা নজরদারি চালিয়েছে ইসরায়েল। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে শেষমেষ সফল হয় মার্কিন-ইসরায়েল জোট।
বিমান হামলায় ঘটনাস্থলেই নিহত হন তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার কয়েক ঘণ্টা পরই ইসরায়েল তাকে হত্যার দাবি জানায়। যদিও ইরান দীর্ঘ সময় এ বিষয়ে চুপ ছিল। প্রায় ২৪ ঘণ্টা পর ওই দাবির সত্যতা নিশ্চিত করে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এই শোক শেষ হতে বাকি আরও দুই দিন।