অনলাইন ডেক্স,
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথম চালানে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। আমদানি অব্যাহত থাকলে আগামী এক–দুই দিনের মধ্যে বাজারে কাঁচা মরিচের দাম আরও কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০টি ট্রাকে করে কাঁচা মরিচের প্রথম চালান ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান কাঁচা মরিচ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্তের বিষয়েও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
সাতক্ষীরা শহরের বড়বাজার কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, মাত্র ১৫ দিন আগেও জেলার বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের জেলার মরিচখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এতে বাজারে সরবরাহ কমে গিয়ে কেজিপ্রতি দাম ৩০০ টাকার বেশি ওঠে।
তিনি বলেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই সাতক্ষীরা বড়বাজারে কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধারাবাহিকভাবে আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে।