অনলাইন ডেক্স,
হাসপাতালে স্যালাইন মজুত থাকার পরও রোগীকে তা না দিয়ে বাইরে থেকে কিনে আনতে বলার অভিযোগে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত নার্স মাসুদা আক্তার হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামানের স্বাক্ষরিত নোটিশে তাকে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি মহিলা মেডিসিন ওয়ার্ডের ১১৩ নম্বর বেডে চিকিৎসাধীন রোগী তারিনের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে রোগী ও তাঁর স্বজনেরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, হাসপাতালে স্যালাইন মজুত থাকা সত্ত্বেও ওয়ার্ড ইনচার্জ মাসুদা আক্তার তা সরবরাহ না করে বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে বলেন।
অভিযোগের সত্যতা পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীর বাইরে থেকে স্যালাইন কেনার খরচের টাকা তিনি নিজ পকেট থেকে পরিশোধ করেন এবং সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে সোমবার মাসুদা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।