বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

Mofossal Barta
প্রকাশিত August 31, 2026, 15:06 PM
বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

‎সোমবার সকালে পঞ্চগড় জেলা হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন তিনি।

‎রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।

‎যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝিপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও এই সহায়তার আওতায় থাকবে।

‎ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এটি বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির একটি অংশ। যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্বাস্থ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে, যা মূলত সংক্রামক রোগ এবং সংক্রামক রোগ প্রতিরোধের ওপর ফোকাস করে। তবে মাতৃ ও শিশু স্বাস্থ্যেও কিছু সহায়তা অব্যাহত রয়েছে।

‎তিনি আরও জানান, এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করবে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।