অনলাইন ডেক্স,
বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য হিজ হাইনেস আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদ সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ওমানের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে হিজ হাইনেস আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ওমানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ওমানের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফাতিয়া আহমেদ আল বালুশি এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।