‎বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত September 11, 2026, 15:07 PM
‎বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধী দলীয় সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের কারাগারে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন। কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে তিনি সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়ার অধীন থাকেন। তাই সেই প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকেই সরকারকে কূটনৈতিক উদ্যোগ নিতে হয়।

‎তিনি জানান, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পেলে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস বা মিশন কারাগার কিংবা আটককেন্দ্র পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলা সম্পর্কে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

‎কোনো বন্দির আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকলে আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের জন্য সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন উদ্যোগ নেয় বলেও জানান তিনি। বন্দির পরিবার নিজ উদ্যোগে আইনজীবী নিয়োগ করতে চাইলে মিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হয়।

‎পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ক্ষেত্রে জরিমানা পরিশোধের প্রয়োজন হলে বন্দির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা পরিশোধের ব্যবস্থা করা হয়। কারাদণ্ডের মেয়াদ শেষ হলে দেশে ফেরার জন্য দ্রুত ভ্রমণ অনুমতিপত্র দেওয়ার ব্যবস্থাও করা হয়।

‎এ ছাড়া দেশে ফেরার জন্য প্রয়োজনীয় বিমান টিকিটের ব্যবস্থা করা হয়। বন্দির পরিবার প্রত্যাবাসনের ব্যয় বহনে অসমর্থ হলে সরকারি অর্থে সেই ব্যয় বহন করা হয়। দেশে ফেরার সময় বিমানবন্দরে প্রয়োজনীয় প্রটোকলসহ অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করা হয়।