চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত September 14, 2026, 10:19 AM
চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে। এসব ট্রেন ঘণ্টায় সাড়ে ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে গতি কিছুটা কম হলেও সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।

‎রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বিমানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোনো সরকার আবার ফিরে এসেছে—সারা পৃথিবীতে এমন কোনো নজির নেই। কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা সবাই একসঙ্গে পালিয়েছে, এমন নজিরও নেই। এটিই প্রথম নজির।

‎আওয়ামী লীগের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে চিন্তা করছেন- এগুলো দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া করা দরকার।

‎দেশে ময়মনসিংহ ছাড়া সাত বিভাগে বিমানবন্দর থাকার প্রসঙ্গে বিমানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে আটটি বিমানবন্দর চলমান রয়েছে। সেগুলোর মধ্যেই কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে আমাদের অনেকগুলো এয়ারক্রাফট আসছে। আগামী ১০ বছরের মধ্যে আমাদের নতুন একটি বিমানবন্দর করতে হবে। সেক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।

‎তিনি বলেন, শেরপুরের পর্যটনের উন্নয়নে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আকস্মিক পাহাড়ি ঢল থেকে জেলার মানুষকে রক্ষা করতে মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।

‎জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ প্রমুখ।

‎এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

‎এর আগে মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।