চলতি বছরেই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত September 12, 2026, 11:04 AM
চলতি বছরেই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

চলতি বছরের মধ্যেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সংকট শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব দেশের ওপরও পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। দেশের সম্ভাব্য ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

‎তিনি বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাতের রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই ব্যক্তিস্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

‎প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে কেউ সরকারি সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

‎অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

‎ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এসব আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।