অনলাইন ডেক্স,
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে নিয়মিত প্রশিক্ষণকালে ট্যাংকের গোলার বিস্ফোরণে গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে একটি বিশেষ মেডিকেল ফ্লাইটে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, বিশেষায়িত চিকিৎসা দেওয়ার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। ওই ফ্লাইটে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং তার একজন অ্যাটেনডেন্ট সঙ্গে রয়েছেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ার অনুশীলন চলার সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত হন।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে আহত সেনা কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্য হলেন, রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবু বকর সিদ্দিক পিয়াস।