‎এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

Mofossal Barta
প্রকাশিত September 14, 2026, 13:45 PM
‎এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

যানজটে স্থবির রাজধানীতে গতি ফেরাতে আরও বড় হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্ক। পশ্চিমের গাবতলী থেকে পূর্বের দাশেরকান্দি পর্যন্ত প্রায় পুরো রাজধানীকে নতুন এক মেট্রো করিডোরে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট এখন একনেকের অনুমোদনের অপেক্ষায়। আগামী ১৬ সেপ্টেম্বর একনেকের সভায় উঠতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত চলবে মেট্রোরেল। টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল ও তেজগাঁও হয়ে রুটটি পৌঁছাবে আফতাব নগর ও দাশেরকান্দির দিকে। এতে রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলের লাখো মানুষের যাতায়াতে তৈরি হবে নতুন গতি।


‎শুধু একটি নতুন মেট্রোরেল লাইন নয়, প্রকল্পটির অন্যতম বড় গুরুত্ব এর আন্তঃসংযোগে। প্রস্তাবিত সাউদার্ন রুট যুক্ত হবে এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-১-এর সঙ্গে। ফলে এক রুট থেকে অন্য রুটে সহজে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। পরিকল্পনা কমিশনের আশা, এর মাধ্যমে ঢাকার সমন্বিত গণপরিবহন নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে এবং যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে প্রকল্প ঋণ হিসেবে আসবে ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা।

‎মূল লাইন ও স্টেশন নির্মাণ এবং ডিপোর সিভিল ও ভবন নির্মাণে ব্যয় হবে ১৭ হাজার ৭৩৭ কোটি ৪৩ লাখ টাকা। বৈদ্যুতিক, যান্ত্রিক ও রেলওয়ে ব্যবস্থায় ১৩ হাজার ২৫৮ কোটি ৪৯ লাখ টাকা এবং রোলিং স্টক ও ডিপো সরঞ্জামে ৪ হাজার ৮২১ কোটি ২৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে রাখা হয়েছে ৪ হাজার ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকা।

‎তবে এই প্রকল্পের পথ একেবারে মসৃণ ছিল না। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৫৪ হাজার ৬১৮ কোটি ৯৬ লাখ টাকা। কয়েক দফা পর্যালোচনার পর ব্যয় কমিয়ে সর্বশেষ ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।


‎২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

‎পরিকল্পনা কমিশনের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম অংশের যোগাযোগ আরও সহজ হবে। পরিবেশবান্ধব গণপরিবহন বিস্তারের পাশাপাশি কমবে সড়কের ওপর চাপ। এখন অপেক্ষা শুধু একনেকের অনুমোদনের।