অনলাইন ডেক্স,
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা থেকে ঢাকায় রওনা দেওয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিজের নির্বাচনী এলাকা ভোলার লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সরকারি সফর শেষে তিনি সকালে ঢাকার উদ্দেশে রওনা হন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রয়োজন রয়েছে। তবে অতীতে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের’ কথা বলেছিলেন, বাংলাদেশের সেই সম্পর্কের প্রয়োজন নেই। ভারতের সঙ্গে আমরা সমমর্যাদার ভিত্তিতে যে ধরনের সম্পর্কের প্রয়োজন, তেমনই সুসম্পর্ক চাই।
এ সময় ভোলা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসন ও রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।