অনলাইন ডেক্স,
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। টিভিসাবস্ক্রিপশন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার মামলাটির রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছিল। গত ১৮ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
ওবায়দুল কাদের ছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে।
মামলার সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও দাবি জানানো হয়েছিল। প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন বৈঠকের মাধ্যমে মানুষ হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছিল। মামলায় উপস্থাপিত বিভিন্ন অডিও ও ভিডিওতে এসব পরিকল্পনার প্রমাণ রয়েছে বলেও দাবি করে রাষ্ট্রপক্ষ।
এ ছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ ওবায়দুল কাদের দিয়েছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাদের দাবি, ওই নির্দেশের পর ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালানো হয় এবং এতে বহু মানুষ প্রাণ হারান।