নীলফামারীর ১১ কলেজে ১১৫ শিক্ষার্থী, পাস করেননি কেউ

Mofossal Barta
প্রকাশিত October 31, 2026, 23:30 PM
নীলফামারীর ১১ কলেজে ১১৫ শিক্ষার্থী, পাস করেননি কেউ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারীর ১১টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার ৪৯টি কলেজে পাসের হার শূন্য। গত বছরের তুলনায় এবার শূন্য পাসের কলেজের সংখ্যা বেড়েছে ছয়টি। বোর্ডে মোট ২৯০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে নীলফামারী জেলার পরীক্ষার্থী ১১৫ জন। শূন্য পাসের তালিকায় থাকা কলেজগুলোর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেরি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ ও নয়নখাল স্কুল ও কলেজ; সদর উপজেলার আদর্শ কলেজ, পঞ্চপুকুর স্কুল ও কলেজ, রতনীবাড়ী স্কুল ও কলেজ, লক্ষ্মীচাপা সৃজনশীল কলেজ ও গয়াখারবাড়ী মহিলা কলেজ; ডোমার উপজেলার জমিরবাড়ী মহিলা মহাবিদ্যালয় ও বাগডোকরা নিমোজখান হাই স্কুল ও কলেজ; জলঢাকা উপজেলার সামিরউদ্দীন আদর্শ হাই স্কুল ও কলেজ এবং ডিমলা উপজেলার আদাবাড়ী স্কুল ও কলেজ ও জেলা পরিষদ স্কুল ও কলেজ।
‎
‎এ বিষয়ে জানতে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।