পাকস্থলী থেকে অস্ত্রোপচারে বের হলো ১৪ কলম, ৫ চামচ ও মোমবাতি!

Mofossal Barta
প্রকাশিত September 20, 2026, 17:57 PM
পাকস্থলী থেকে অস্ত্রোপচারে বের হলো ১৪ কলম, ৫ চামচ ও মোমবাতি!
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে ৩৩ বছর বয়সী এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। এর মধ্যে ছিলো ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতি।
‎ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন তেলুগু-এর প্রতিবেদনে বলা হয়েছে, পালনাডু জেলার নারসারাওপেটের একটি বেসরকারি হাসপাতালে তীব্র বুক ও পেটের অস্বস্তি নিয়ে চিকিৎসা নিতে যান ওই নারী। পরীক্ষা-নিরীক্ষার পর তার পাকস্থলীতে অস্বাভাবিক বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়।


‎পরে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে সেগুলো বের করা হয়। উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য ছিলো প্রায় ২৫ সেন্টিমিটার। একটি কলমের ক্যাপও খোলা অবস্থায় পাওয়া যায়।

‎চিকিৎসকেরা জানান, এ ধরনের শক্ত বা ধারালো বস্তু পাকস্থলীর দেয়ালে আঘাত করলে ব্যথা, রক্তপাত এমনকি ছিদ্র হওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। খাবার নয় এমন বস্তু খাওয়ার প্রবণতাকে চিকিৎসাবিজ্ঞানে ‘পিকা’ বলা হয়। তবে এই ঘটনায় ওই নারীর পিকা ছিল—এমন কোনো নিশ্চিত রোগ নির্ণয়ের তথ্য প্রতিবেদনে নেই। তার মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য থাকলেও ঘটনার সঠিক কারণ স্পষ্ট নয়। সূত্র: টিভি নাইন তেলুগু