অনলাইন ডেক্স,
আঞ্চলিক নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। টেলিফোনে আলাপকালে দুই নেতা দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা। আলোচনায় আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা এবং জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা। সৌদি আরব ও ইতালির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও নিয়মিত যোগাযোগ রয়েছে। সর্বশেষ এই ফোনালাপকে দুই দেশের পারস্পরিক সমন্বয় আরও জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।