ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার নতুন ঘোষণা

Mofossal Barta
প্রকাশিত October 5, 2026, 10:48 AM
ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার নতুন ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার।
‎
‎(দেক্রেতো ফ্লুসি) হলো ইতালির বিদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট/কাজের ভিসা দেওয়ার সরকারি কোটা ব্যবস্থা।
‎
‎সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সার্কুলারে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানানো হয়েছে।
‎
‎নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন ফরম পূরণ করা যাবে। আবেদন চূড়ান্তভাবে জমা দেয়ার জন্য নির্ধারিত রয়েছে আলাদা ক্লিক ডে।
‎
‎১২ জানুয়ারি কৃষি মৌসুমি, ৯ ফেব্রুয়ারি পর্যটন মৌসুমি, ১৬ ফেব্রুয়ারি অমৌসুমি এবং ১৮ ফেব্রুয়ারি পারিবারিক সহায়তা খাতের আবেদন জমা দেয়ার দিন নির্ধারণ করা হয়েছে।
‎
‎২০২৭ সালের মোট কোটার মধ্যে ৮৯ হাজার রয়েছে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য। অমৌসুমি চাকরির জন্য বরাদ্দ ৭৬ হাজার ২০০ এবং স্বনিয়োজিত কর্মীদের জন্য রয়েছে ৬৫০টি কোটা।
‎
‎নতুন নির্দেশনায় আবেদন যাচাই, নিয়োগকর্তার দায়িত্ব এবং কর্মীদের চুক্তি স্বাক্ষরের সময়সীমা নিয়েও কিছু পরিবর্তন আনা হয়েছে।
‎
‎তবে নির্ধারিত কোটা থাকলেই যে সবার ভিসা নিশ্চিত হবে, বিষয়টি এমন নয়। আবেদন করতে হবে ইতালির নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে। পাশাপাশি নুল্লা ওস্তা ও ভিসার জন্য প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
‎
‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোটা খালি থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে।
‎
‎ইতালিতে বৈধভাবে কাজের প্রত্যাশায় থাকা বিদেশি কর্মীদের জন্য নতুন এই কর্মী প্রবেশ কর্মসূচি তাই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ একটি সুযোগ।