অনলাইন ডেক্স,
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে অভিযোগ নিষ্পত্তির জন্য সরাসরি ই-মেইলে জানানোর অনুরোধ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে সরকার সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দরে হয়রানি সংক্রান্ত নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা সরাসরি নিষ্পত্তির জন্য আমাদের ইমেইল minister.expat@gmail.com-এ পাঠানোর অনুরোধ করছি।
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। এই মর্মান্তিক ঘটনায় আমাদের ২ জন প্রবাসী নাগরিক মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমরা সার্বক্ষণিক তাদের চিকিৎসার খোঁজ নিচ্ছি। আমি নিজেও আহতদের একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছি ও সহায়তার আশ্বাস দিয়েছি।
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই ক্রান্তিকালীন সময়ে আপনারা সবাই অত্যন্ত সাবধানে ও নিরাপদ আশ্রয়ে থাকবেন। যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।