হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

Mofossal Barta
প্রকাশিত October 16, 2026, 18:06 PM
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার হাতে এ পুরস্কার তুলে দেন।
‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, উদ্যোক্তা, শিক্ষক ও গবেষকসহ প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। ড. ইউনূসের নাম ঘোষণার পর উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।
‎
‎
‎এ বছর ড. ইউনূসসহ চারজনকে এ সম্মাননা দেওয়া হয়েছে। অন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন ভারতের সেলফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশনের পরিচালক রিমা নানাবতী, ফ্যাশন ডিজাইনার টোরি বার্চ এবং জর্ডানের মাইক্রোফান্ড ফর উইমেনের বোর্ড চেয়ার মুনা সুখতিয়ান। মুনা সুখতিয়ান পেয়েছেন বিশেষ ‘জর্জটাউন অ্যাম্বাসেডরস অ্যাওয়ার্ড’।
‎
‎অনুষ্ঠানে ড. ইউনূসের প্রশংসা করে হিলারি ক্লিনটন বলেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হওয়া, নিরাপত্তা ও ক্ষমতায়নের বিষয়টি তিনি নিজেই দেখেছেন। ড. ইউনূসের এই উদ্যোগ বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‎
‎
‎পুরস্কার গ্রহণের পর ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের কাজের ৫০ বছরের স্বীকৃতি এ সম্মাননা। ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা এবং নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তোলাই ছিল তাদের অন্যতম লক্ষ্য।
‎
‎
‎তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের নারী ঋণগ্রহীতারা এখন আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রয়োজন ও সমস্যার কথা তুলে ধরছেন। তারা শুধু ব্যাংকের গ্রাহক নন, বরং ব্যাংকটির মালিকও।
‎
‎তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে ড. ইউনূস বলেন, তাদের চাকরিপ্রার্থী না হয়ে চাকরিদাতা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। এ জন্য উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি চলতি বছরের শেষ নাগাদ ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ চালুর আশাও প্রকাশ করেন। সূত্র: জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট