অনলাইন ডেক্স,
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন অপূর্বকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টায় দুর্গাপুর বাজারের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার অপূর্ব র বাবার নাম শমশের আলী। তিনি এর আগে নেত্রকোনায় সংঘটিত একটি চাঞ্চল্যকর পুলিশ হত্যা মামলার আসামি ছিলেন।
ওই মামলায় তিনি ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন। পুলিশের দাবি, অপূর্ব আত্মগোপনে ছিলেন। তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে পাঁচ থেকে ছয়জন সরাসরি জড়িত থাকতে পারে। এ ছাড়া হত্যাকাণ্ডের পেছনে অর্থদাতাসহ আরও বড় একটি চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির।
তিনি সাবেক সেনাসদস্য এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের কর্ণধার ছিলেন। হত্যাকাণ্ডের পর তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।