অনলাইন ডেক্স,
বিজয়া দশমীর আগে ভারতের রাজধানী নয়া দিল্লিতে কংগ্রেসের ছাত্রসংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই) এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সংগঠনের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারসহ বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ও করপোরেট ব্যক্তিত্বের মুখসংবলিত রাবণের একটি প্রতীকী প্রতিকৃতি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। উঙ্গলি তো উঠেগি – রাবণ দহন’ ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস-সংযুক্ত এই ছাত্রসংগঠনটি। রাবণের প্রতিকৃতিতে এছাড়াও যাদের মুখচ্ছবি যুক্ত করা হয়েছিল, তারা হলেন- শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরএসএস প্রধান মোহন ভাগবত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম ও রাজনাথ সিং। প্রতীকী এই দহনের মাধ্যমে মূলত ‘ভোট চুরি’, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ক্রমবর্ধমান বেকারত্ব, জাতীয় সম্পদের শোষণ, সাম্প্রদায়িকতা এবং নারী নির্যাতনের অভিযুক্তদের সুরক্ষার দেওয়ার অভিযোগ তুলে ধরেছে এনএসইউআই। সংগঠনটি অভিযোগ করেছে, বর্তমান সরকার দেশের যুবসমাজ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে এনএসইউআই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে ছাত্রসংগঠনটি।