ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

Mofossal Barta
প্রকাশিত September 21, 2024, 13:17 PM
ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ
সংবাদটি শেয়ার করুন....
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদ পেয়ে এ মাছ জব্দ করে।

বিজিবি জানতে পারে যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার হবে। এই পরিপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার বিওপির টহলদল আনুমানিক রাত ৩টার দিকে ওই স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এ সময় বিজিবি টহলদল ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়।

 

জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে, কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।