অনলাইন ডেক্স,
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে পেট্রোল পাম্পের কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের মামলায় সাগর বাড়ৈ (৪১) নামে এক ব্যক্তিকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে বিকেলে সাগর বাড়ৈকে আদালতে হাজির করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাগর বাড়ৈ তার সহযোগীদের সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। তার নাম ও ঠিকানা নিয়েও সন্দেহ রয়েছে এবং সেগুলো যাচাই করা হচ্ছে।
মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদে তিনি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অসংলগ্ন তথ্য দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।