বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার ভেঙে লুট, উদ্ধার প্রায় কোটি টাকা, আটক ২৯

Mofossal Barta
প্রকাশিত August 30, 2026, 13:11 PM
বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার ভেঙে লুট, উদ্ধার প্রায় কোটি টাকা, আটক ২৯
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার পানিতে ভেসে আসা একটি ব্যাংকের লকার ভেঙে টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‎সেখানে বলা হয়, নেপালের রসুয়া জেলার ভোতেকোশি এলাকা থেকে বন্যার পানিতে ভেসে যাওয়া লকারটি ধাদিং জেলার এলাকায় ত্রিশুলি নদীর কাছে লকারটি পাওয়া যায়। স্থানীয় কয়েকজন লকারটি ভেঙে নগদ টাকা নিয়ে গেছেন—এমন তথ্যের ভিত্তিতে পর ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠায় পুলিশ। প্রাথমিক তল্লাশিতে ২৯ জনকে আটক করা হয়।


‎পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বেশির ভাগই গালছি-৪-এর মাস্টার এলাকার বাসিন্দা। এছাড়া গালছি-৬-এর আদমঘাট ও সিদ্ধালেক-৭-এর আদমতার এলাকার কয়েকজনও রয়েছেন। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।

‎আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধার করা অর্থের উৎস এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

‎এর আগে নেপালে বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নেওয়ার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।০