মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির নির্দেশনায় কর্মসূচিটি আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।
কর্মসূচিতে নিম, পেয়ারা, জাম, কাঁঠাল, হরতকি, বহেরা ও মেহগনিসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলদহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালেক বিশ্বাস, চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. হারুনুর রশিদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান, ব্যবসায়ী মো. রওশন আরাফিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা।