অনলাইন ডেক্স,
ভাগ্য ফেরানোর আশায় ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রাম শান্তিপুরের মো. রাশিদ মিয়া। ছেলের বিদেশযাত্রার খরচের জন্য ঋণ করে জোগাড় করেছিলেন ৪ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে এখন দিশেহারা তিনি। একই দুর্ঘটনায় রাশিদ মিয়া ও তার ছেলেও আহত হয়েছেন। নিহত নারীর নাম মোছা. জয়বাহার (৪৫)। স্বজনরা জানান, আগামী শুক্রবার সৌদি আরব যাওয়ার কথা ছিল রাশিদ মিয়ার ছেলে নিরবের (২১)। সেই উদ্দেশে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পরিবারের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন তিনি। পথে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়িতেই মারা যান জয়বাহার। রাশিদ মিয়া বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সব শেষ হয়ে গেল।