এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

Mofossal Barta
প্রকাশিত October 1, 2026, 13:21 PM
এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

নিম্ববিত্ত মানুষের টিকাগ্রহণসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসার স্থান ছিল রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে হঠাৎ হামলা চালিয়ে লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দিয়ে সব মালামাল লুট করে দখলে নেয় সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্লাটফর্ম।
‎
‎এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন যোগানোর অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
‎
‎আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে প্রবাসী সাংবাদিক ড. কনক সরওয়ার এ দাবি করেন।
‎
‎তিনি ফেসবুক পোস্টটিতে লেখেন, “সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।”
‎
‎তিনি আরও লেখেন, “রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।”
‎
‎ড. কনক সরওয়ার সবশেষে লেখেন, “এর আগে বুধবার, একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।”
‎
‎প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ঢুকে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়।
‎
‎‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে রাতভর এ তাণ্ডব চালানো হয়। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. নাসরিন আখতার। এ ঘটনায় বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলাও দায়ের করেন তিনি। মামলার এজাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সদস্য হানিফ মিয়ার নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়।
‎
‎স্থানীয়রা জানান, স্থানীয় তিনটি গ্রুপ দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করার চেষ্টা করে আসছিল। একটি পক্ষ ১০ কাঠা জমি তাদের পারিবারিক সম্পত্তি বলে দাবি করছে। ওই পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এখন এলাকাছাড়া। এরপর স্থানীয় বিএনপির দুটি গ্রুপ জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে  আদালতে এ পক্ষগুলোর পাল্টাপাল্টি মামলা ও রিট রয়েছে।
‎
‎অবশেষে, গত বৃহস্পতিবার রাতে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামে একটি পক্ষ তা দখল করে নেয়। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এ পক্ষের নেতৃত্বে রয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। প্রয়াত এক কাউন্সিলরের স্ত্রী এবং বিএনপির প্রয়াত নেতা ও সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন।
‎
‎স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকর্তাদের অভিযোগ, হামলা ও ভাঙচুরের সময় পুলিশকে খবর দিয়েছিলেন তারা। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থাপনাটি রক্ষা করতে পারেনি। পুরো ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।