অনলাইন ডেক্স,
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে বড় সাফল্য পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৫ বছর আগে ১ অক্টোবর চারদলীয় জোটের নেতৃত্ব দিয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপি এককভাবে ৩০০ আসনের মধ্যে ১৯৩টিতে জয় পায়। বিপরীতে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ পায় ৬২টি আসন। নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোট সরকার গঠিত হয়।
তথ্যসূত্রে জানা যায়, ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের ৩০০ সংসদীয় আসনেই ভোটগ্রহণ হয়। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। বিএনপি ও আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নেন।
নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হলে সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়। এরপর নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইপিইউর তথ্য অনুযায়ী, ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭৫ শতাংশ।
নির্বাচনে বিএনপি তিনটি দলের সঙ্গে জোট গঠন করে প্রতিদ্বন্দ্বিতা করে। ফলাফলে বিএনপি ১৯৩টি আসন পায়। জোটের শরিক জামায়াতে ইসলামী ১৭টি আসনে জয়ী হয়। জাতীয় পার্টি পায় ১৪টি আসন। আওয়ামী লীগ ৬২টি আসনে জয় পায়। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও কয়েকটি আসনে জয়ী হন। নির্বাচনের ফলাফলে বিএনপির আসনসংখ্যা আগের সংসদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ১৯৯৬ সালের নির্বাচনে দলটি ১১৬টি আসন পেয়েছিল। পাঁচ বছর পর ২০০১ সালের নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯৩-তে। ফলে একক দল হিসেবে সংসদে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হয়। নির্বাচনের পর ১০ অক্টোবর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই দিনে চারদলীয় জোটের সদস্যদের নিয়ে মন্ত্রিসভাও শপথ নেয়। পরে ৩০ অক্টোবর অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং জামিরউদ্দিন সরকার স্পিকার নির্বাচিত হন।
২০০১ সালের নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও অভিযোগও ছিল। তবে আইপিইউর নির্বাচনী পর্যালোচনায় বলা হয়েছে, দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা ভোটগ্রহণকে অবাধ ও সুষ্ঠু বলে উল্লেখ করেছিলেন। একই সঙ্গে নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
সব মিলিয়ে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপির নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। ওই নির্বাচনে ১৯৩টি আসনে জয়ী হয়ে দলটি শুধু সরকার গঠনই করেনি, সংসদে একক দল হিসেবে শক্তিশালী অবস্থানও তৈরি করেছিল।