ডেক্স,
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি।
এ উপলক্ষে স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সার্বিক আয়োজনের প্রস্তুতি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যকে। তারা হলেন- রুহুল কবির রিজভী, সালাহউদ্দিন আহমদ ও এ জে এম জাহিদ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত তিন নেতা প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মসূচি নির্ধারণের কাজ করবেন।
মৃত্যুবার্ষিকী কীভাবে পালন করা হবে, কী ধরনের কর্মসূচি নেওয়া যায় এবং আয়োজনের পরিসর কেমন হবে-এসব বিষয়ে আলোচনা করতে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তিন নেতার পাশাপাশি দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এতে অংশ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়। বিএনপি দলীয়ভাবে সাত দিনের শোক ঘোষণা করেছিল।
লিভার ও কিডনির জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও সংক্রমণসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০২৫ সালের ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় অংশ কেটেছে আন্দোলন-সংগ্রামে। একাধিকবার গ্রেফতার ও কারাবরণ করলেও দেশ ছাড়েননি তিনি। সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় পরিসরে স্মরণ আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত এই নেত্রীর রাজনৈতিক জীবন, অবদান ও স্মৃতিকে নতুন করে তুলে ধরতে চায় বিএনপি।