হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ অভিযানিক দল চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি করে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. জুয়েল রানা (৩০)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর এলাকার চকলক্ষীপুর গ্রামের মৃত মো. আলী মিয়ার ছেলে।
পরে জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ড সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।