তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত November 9, 2026, 12:00 PM
তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

আজ সোমবার পর্দা উঠছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১)। ভূ-মধ্যসাগরের তীরে তুরস্কের পর্যটননগরী আনতালিায় এক্সপো সেন্টারে এই সম্মেলন হচ্ছে।
‎
‎এতে যোগ দিতে তুরস্ক সরকারের আমন্ত্রণে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎
‎তিনি ১১ নভেম্বর এবং ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন এবং সম্মেলনে দুইটি পৃথক পর্বে বক্তব্য দেবেন। একইসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়াও সাইডলাইনে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে, আজ আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।
‎
‎সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধামন্ত্রীর কার্যালয় থেকে এসব জানা গেছে।
‎
‎জানা গেছে, এবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত বিশ্বের কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার দাবি জানাবে বাংলাদেশ।
‎
‎এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয় পরিচালিত অভিযোজনে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।
‎
‎এ ছাড়া ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সহজলভ্য অনুদানের দাবি জানানো হবে।
‎উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার তাগিদ দিয়ে মিন্টু বলেন, এক্ষেত্রে প্রধান কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিতের পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও যুবদের কর্মসংস্থান সুরক্ষা জোরদার করার আহ্বান জানানো হবে।
‎
‎
‎আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।
‎
‎পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিশ্বের শীর্ষ নেতারা এবার একত্রিত হচ্ছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এবারের সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি ও অবস্থান অত্যন্ত গুরুত্ব বহন করছে।
‎
‎তুরস্কের পর্যটন নগরী আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১ আজ সোমবার থেকে শুরু হবে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীন অনুষ্ঠিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা ‘কপ’ (সিওপ) সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এবারের জলবায়ু সম্মেলনের লক্ষ্য- ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা। মিথেন গ্যাসের নিঃসরণ হ্রাস করা। ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ কমানো এবং প্যারিস চুক্তির অধীনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানো।
‎