আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন

Mofossal Barta
প্রকাশিত November 9, 2026, 13:14 PM
আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স,

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ, সরকারি বিল উত্থাপন ও সেগুলো নিয়ে আলোচনা ছাড়াও সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকরের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
‎
‎স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট আট দিন এ অধিবেশন চলবে।
‎
‎এর আগে গতকাল রোববার (৮ নভেম্বর) বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হয়।
‎
‎বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংসদের অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা।
‎
‎বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটির দিন বাদে অধিবেশনের প্রতিদিনের কার্যক্রম বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার অধিবেশনের সময় ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।
‎
‎এ অধিবেশনে সরকারি বিল উত্থাপন, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর সাধারণ আলোচনাসহ সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।
‎
‎তবে অধিবেশনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য। এসব বিষয়ে দুই পক্ষের অবস্থান ও আলোচনা সংসদের কার্যক্রমে বিশেষ গুরুত্ব পেতে পারে।
‎
‎এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপনের পরিকল্পনা নেই।