ফরিদপুর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার, যানজট নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ উদ্যোগে তাকে সহযোগিতা করেন ‘আমরা বিএনপি পরিবার’র অন্যতম উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির। এই লক্ষ্য বাস্তবায়নে রোববার (৮ নভেম্বর) এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাপনায় সহায়তাকারী একটি ডিভাইসের বিভিন্ন সরঞ্জাম ফরিদপুর জেলা পুলিশকে উপহার দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তার কাছ থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।
সরঞ্জাম হস্তান্তরকালে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানজট নিরসন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় এমপি নায়াব ইউসুফ বলেন, আমাদের শহরকে নিরাপদ রাখতে জেলা পুলিশ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এমন ভালো কাজের অংশীদার হতে পেরে আমাদের ভালো লাগছে। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে শহরে অপরাধপ্রবণতা অনেকটাই কমে আসবে বলে আশা করি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল এবং চরভদ্রাসন উপজেলা বিএনপি নেতা মোস্তফা কবির।
সংশ্লিষ্টরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে শহরের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় এক নতুন মাত্রা যুক্ত হবে, যা একটি নিরাপদ ও সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।