অনলাইন ডেক্স,
ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে চিত্রনায়িকা পরীমণির অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে সাংবাদিক রাজুর প্রতি সংহতি প্রকাশ করে তার পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনার প্রতিবাদ জানান রাশেদ খাঁন। পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় আলোচিত ‘শেখ হাসিনার ৯০ শতাংশ পতন হয়ে গেছে, ১০ শতাংশ ধাক্কা দাও’ বক্তব্যের পেছনের ঘটনা তুলে ধরেন।
রাশেদ খাঁন লেখেন, একদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে নুরুল হক নুরকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। বৃষ্টির কারণে দু-একজন ছাড়া অধিকাংশ সাংবাদিক বারান্দায় আশ্রয় নেন। এ সময় পুলিশ নুরুল হক নুরকে লিফটে তোলার মুহূর্তে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু তাকে প্রশ্ন করেন, ‘নুর ভাই, আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে?’
জবাবে নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনার ৯০ শতাংশ পতন হয়ে গেছে, ১০ শতাংশ ধাক্কা দাও।’ রাজুর করা সেই প্রশ্নের পর ধারণ করা ভিডিওটি সমকালের ফেসবুক পেজে প্রকাশিত হলে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন গণমাধ্যমেও ভিডিওটি প্রচারিত হয় বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় বক্তব্যটি মানুষের মধ্যে নতুন সাহস ও উদ্দীপনা তৈরি করেছিল। তবে অনেকেই বক্তব্যটি শুনলেও এর পেছনে সাংবাদিক রাজুর ভূমিকার কথা জানেন না।
রাজুর ব্যক্তিগত ও পেশাগত গুণাবলির প্রশংসা করে রাশেদ খাঁন লেখেন, তিনি অত্যন্ত অমায়িক ও পরিপাটি একজন মানুষ। তার আচরণ, কথাবার্তা ও ব্যবহারেও সেই পরিপাটির ছাপ রয়েছে। জন্মগতভাবে তার এক হাতে ত্রুটি থাকলেও সেটি সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং ক্যামেরা পরিচালনা ও ভিডিও সম্পাদনায় তার দক্ষতার প্রশংসা করেন তিনি।