ডেক্স নিউজ,
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে করে জোটটি আবারও ১১ দলীয় জোটে রূপ নিয়েছে।
শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ১০ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে লেবার পার্টির যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মা‘ছুম বলেন, “আমরা ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। ইতোমধ্যে আমাদের প্রার্থীরা নিজ নিজ আসনে প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আজ এই ঐক্যে বাংলাদেশ লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়েই একটি মানবিক, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ঐক্য গড়ে তোলা হয়েছে। “এই ঐক্যই মূলত জুলাই চেতনার প্রতিনিধিত্ব করছে,” যোগ করেন তিনি।