অনলাইন ডেক্স,
নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলে কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলেছেন জোটের নেতারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সংবাদ সম্মেলনে আগামী ৩১ অক্টোবর গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লংমার্চের ঘোষণা দেন জোটের নেতারা। তারা বলেন, লংমার্চকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ যাত্রাপথের কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে।
জোটের নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথ ছাড়বে না। গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।