সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা

Mofossal Barta
প্রকাশিত October 27, 2026, 17:34 PM
সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
‎
‎
‎একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন এলিজা জামান।
‎
‎নির্বাচনী তপসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমা শেষ হলে নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে। ফলে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সংরক্ষিত নারী আসনে তার সংসদ সদস্য হওয়া চূড়ান্ত হবে।
‎
‎গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে উপ-নির্বাচনের জন্য বিএনপি এলিজা জামানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। পরে সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় তার প্রার্থিতা নিশ্চিত হয়েছে।
‎
‎এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
‎
‎প্রসঙ্গত, জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন।
‎
‎অন্যদিকে, নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। রাজনৈতিক দল বা জোট জাতীয় সংসদ নির্বাচনে যে অনুপাতে আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।